-1.5 C
New York

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও নিরাপত্তা অভিযানে নিহত ২৫০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক হামলার পর শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে।

আজ বুধবার নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ১৯৭ জন জঙ্গি নিহত হয়েছে। একই সময়ে জঙ্গি হামলা ও পাল্টা অভিযানে অন্তত ২২ জন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন।

পাশাপাশি নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বুধবার আরও ২০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার পর মোট নিহতের সংখ্যা বেড়ে ২৫৫ জনে দাঁড়িয়েছে।

শনিবার প্রদেশটির অন্তত ১২টি স্থানে সমন্বিত হামলার পর নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানজুড়ে অভিযান শুরু করে।

এই হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল ব্যাংক, কারাগার, পুলিশ স্টেশন ও সামরিক স্থাপনা।

সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের পরও কিছু জেলায় বিচ্ছিন্ন লড়াই চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে তাদের অবস্থানে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি গত রোববার বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান থামানো হবে না এবং তাদের ধাওয়ার মধ্যে রাখা হবে।

প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এএফপিতে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী এই সংগঠনটি জানিয়েছে, তারা সামরিক স্থাপনার পাশাপাশি পুলিশ ও বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছে।

এএফপি জানায়, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজসম্পদসমৃদ্ধ বেলুচিস্তানে পাকিস্তান কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের মুখে রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ বিদেশি জ্বালানি কোম্পানি ও অন্যান্য প্রদেশের পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করেও হামলা জোরদার করেছে।

সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে প্রদেশটির একাধিক জেলায় মোবাইল ও ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে বলে জানিয়েছে এএফপি।

Related Articles

Latest Articles