-1.5 C
New York

‘সাকিবকে দলে না চাইলে আপনি বোকার স্বর্গে বাস করছেন’

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাস করেন, জাতীয় দলে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি।

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট’-এর প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে ধুমকেতু একাদশের কোচ সালাউদ্দিন সাকিবের দলে থাকার পক্ষে জোরালো মত দেন।

সালাউদ্দিন বলেন, ‘দেখুন, কেউ যদি বলে তারা সাকিবকে দলে চায় না, তবে আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে’।’

নিজের অবস্থানের পেছনের কারণ ব্যাখ্যা করে সালাউদ্দিন একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে সাকিবের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো ভারসাম্য। সাকিব দলে থাকলে আপনি ভারসাম্য পাবেন। আপনি একই সঙ্গে একজন বোলার এবং একজন ব্যাটার পাচ্ছেন। দিনশেষে সাকিব কতটা ফিট সেটা বড় বিষয় হবে, তবে তাঁর মতো একজন খেলোয়াড়কে সবাই চাইবে।’

সাকিব প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই তাঁর ক্রিকেটের মূল গন্তব্য হয়ে উঠেছে। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে, ফর্ম এবং ফিটনেস নির্বাচকদের চাহিদা অনুযায়ী থাকলে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে জাতীয় দলে ফেরার জন্য বিবেচনা করা হতে পারে।

বিসিবি কর্মকর্তারা আরও ইঙ্গিত দিয়েছেন যে, সাকিব যদি দেশে ফিরতে পারেন, তবে বোর্ড তাকে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলাতে চায়। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের বাংলাদেশে ফেরা এখন বড় চ্যালেঞ্জের মুখে।

সাকিব আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন, তাদের সরকার ক্ষমতাচ্যুত হলে সাকিবের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।

সাকিবের ফেরা সহজ করতে এবং দেশের হয়ে আবারও খেলার পথ প্রশস্ত করতে বিসিবি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। বোর্ড আরও জানিয়েছে যে, সাকিব বাংলাদেশের হয়ে খেলতে অত্যন্ত আগ্রহী।

সাকিবের সঙ্গে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাওয়া হলে সালাউদ্দিন বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, সব কথা তো আর বলা যায় না।’

 

Related Articles

Latest Articles