-1.5 C
New York

ধানের শীষে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

আজ বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সাবেক ছাত্রদল নেতা দুলাল যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তবে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটিতে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। পরে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কারও করে বিএনপি।

এর আগে, গত ৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছিলেন, ‘হুমকি-ধমকির কারণে প্রচারণায় নামতে পারছি না এবং প্রশাসন পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না।

একই সঙ্গে তিনি নিরাপত্তা শঙ্কায় প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার আবেদনও করেন। এরপর গতকাল তিনি একটি রিভলবারের লাইসেন্সও পান। তার পরদিনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার কারণ জানতে চাইলে মো. দুলাল হোসেন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি কোনো চাপের কথা বলব না। আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী লোক, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি সরে দাঁড়ালাম। আমি ধানের শীষকেই সমর্থন দিলাম।

এ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি আহ্বান জানালে তার পক্ষে প্রচারে নামার কথাও জানিয়েছেন দুলাল।

তিনি বলেন, ‘আমাকে উনি ডাকলে অবশ্যই যাব। কিন্তু যদি না ডাকেন তাহলে আমি আমার মতো করে ধানের শীষের পক্ষে কাজ করে যাব।

জানতে চাইলে এই আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন ‘দুলাল সরে দাঁড়ানোর কথা জানালেও ব্যালটে তার নামে বরাদ্দ জাহাজ প্রতীক থাকবে। 

Related Articles

Latest Articles