-1.5 C
New York

নেপালকে উড়িয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

নেপালের পোখরা স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৪-০ গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। প্রাথমিক পর্ব শেষে অপরাজিত কোচ পিটার বাটলারের শিষ্যদের অর্জন তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী শনিবার অনুষ্ঠেয় ফাইনালে ভারতের মুখোমুখি হবে। দিনের অন্য ম্যাচে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লাল-সবুজ জার্সিধারীদের পেছনে থেকে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে তারা। ভারতের অর্জন তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট।

ভারতের বিপক্ষে ২-০ গোলে জয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বেঞ্চের শক্তি পরখ করে নিতে শুরুর একাদশে আলপি আক্তার, শান্তি মার্দি ও অধিনায়ক অর্পিতা বিশ্বাসদের রাখেননি ব্রিটিশ কোচ বাটলার। পরে বদলি নেমে হ্যাটট্রিকের স্বাদ নিয়ে আলো কাড়েন আলপি।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই লিড আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। মামনি চাকমার কর্নার থেকে দূরের পোস্টে হেডের মাধ্যমে বল জালে পাঠান প্রতিমা মুন্ডা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি।

২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের ওপর আধিপত্য বজায় রেখে খেলতে থাকে তারা। ৬৬তম মিনিটে শান্তির লম্বা পাস কাজে লাগিয়ে অফসাইডের ফাঁদ ভেঙে নিচু শটে আবার লক্ষ্যভেদ করেন আলপি।

নির্ধারিত সময় শেষ হওয়ার নয় মিনিট আগে ভাগ্যের ছোঁয়ায় আলপি হ্যাটট্রিক পূর্ণ করেন। নেপালের একজন ডিফেন্ডারের ভুলের সুযোগে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল কাঁপান তিনি। ফলে টানা তৃতীয় জয়ে প্রাথমিক পর্ব শেষ করেছে বাংলাদেশ।

Related Articles

Latest Articles