1.7 C
New York

শ্রমিক নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুকে হত্যার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আদালত।

এছাড়া, চার আসামিকে আমৃত্যু ও ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। 

আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের পেশকার মো. শামসুদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় ১৭ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, ঝন্টু শেখ ও কিবরিয়া আল কাজী।

আসামিদের মধ্যে মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু ও প্রিন্স খাঁকে আমৃত্যু কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল খা, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ ও শওকত শেখ।

শামসুদ্দিন জানিয়েছেন, ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি বাসুর ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছিলেন।

পরের বছর আদালত ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলার ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন,’ ডেইলি স্টারকে বলেন শামসুদ্দিন।

Related Articles

Latest Articles