2.1 C
New York

পিএসএল নিলাম: রিশাদের পর দল পেলেন নাহিদ ও পারভেজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলোয়াড় নিলাম থেকে দল পেলেন গতিময় পেসার নাহিদ রানা ও ব্যাটার পারভেজ হোসেন ইমন। তাদের আগে নিলাম থেকে নেওয়া হয় লেগ স্পিনার রিশাদ হোসেনকে। ফলে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়ল।

পিএসএলের একাদশ আসরকে সামনে রেখে বুধবার লাহোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম। তালিকায় থাকা ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন মাত্র তিনজন। নিলামের আগেই কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে লাহোর কালান্দার্স।

নিলামের প্রথম রাউন্ডে দল পেয়েছেন রিশাদ। তাকে নিয়ে হয়েছে কাড়াকাড়ি। শেষমেশ ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে নিয়েছে রাওয়ালপিন্ডি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা। পিএসএলের গত আসরে লাহোরের হয়ে তিনি নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমি রেটে শিকার করেছিলেন ১৩ উইকেট।

এমন শক্তিশালী পারফরম্যান্স সত্ত্বেও এবারের নিলামের আগে লাহোর তাকে ছেড়ে দেয় এবং পুনরায় দলে ভেড়ানোর জন্য কোনো বিড করেনি। তবে তাকে পেতে লড়াই করেছে করাচিং কিংস ও রাওয়ালপিন্ডি। দুই দলের লড়াইয়ে জিতেছে টুর্নামেন্টের নবাগত দল রাওয়ালপিন্ডি। রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি।

প্রথম রাউন্ডে দল না পাওয়া নাহিদ ও পারভেজের কপাল খুলেছে দ্বিতীয় রাউন্ডে। দুজনই ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দল পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ ২৪ হাজার টাকা।

নাহিদকে টেনেছে পেশোয়ার জালমি। গতবারও একই দল তাকে নিলেও কোনো ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে, লাহোরে মোস্তাফিজের সঙ্গী হয়েছেন পারভেজ। ফলে প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মিলেছে তার। আর মোস্তাফিজের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির সরাসরি চুক্তি আগেই করেছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

তবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নুরুল হাসান সোহানসহ বাংলাদেশের বাকিদের কিনতে কেউ আগ্রহ দেখায়নি।

Related Articles

Latest Articles