33 C
Dhaka
Home Blog Page 12

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করছে নির্বাচন কমিশন। দ্য ডেইলি স্টারের হাতে আসা ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থী তিনটি আসনে জয়ী হয়েছে।

জয়ী দল হিসেবে বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রুবিও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’

একইসঙ্গে নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

রুবিও লেখেন, ‘এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

Congratulations to the Bangladesh Nationalist Party and its leader Tarique Rahman as well as the people of Bangladesh. The United States looks forward to working with the newly elected government to advance prosperity and the security of the region.

— Secretary Marco Rubio (@SecRubio) February 13, 2026

যে কারণে সাতসকালে বন্ধ ছিল ইউটিউব

নাস্তা খেতে খেতে ইউটিউবে ভিডিও দেখার বদভ্যাস সব বয়সের মানুষের মধ্যেই কমবেশি দেখা যায়। কিন্তু আজ সকালে ইউটিউব দেখতে বসে বাংলাদেশের অনেক মানুষ বোকা বনে যান। জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে কোনো ভিডিও দেখাও যাচ্ছিল না। এমন কী, ইউটিউব ব্রাউজ করতেও সমস্যার মুখে পড়েন ইউজাররা।

তবে এই সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই দেখা গেছে। 

আনুষ্ঠানিক বার্তায় ইউটিউব বিষয়টি স্বীকার করে নিয়েছে। কারিগরি সমস্যার কারণে বিশ্বজুড়ে হাজারো ইউজার এ ধরনের সমস্যার মুখে পড়েছেন। 

আজ বুধবার এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। 

ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, আজ প্রায় তিন লাখেরও বেশি মানুষ ইউটিউব ব্যবহার নিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টার দিকে সবচেয়ে বেশি মানুষ ইউটিউব দেখতে গিয়ে সমস্যায় পড়েন। 

সব মিলিয়ে আনুমানিক দুই থেকে আড়াই ঘণ্টার মতো ‘ডাউন’ ছিল ইউটিউব। ডাউনডিটেক্টরে রিপোর্টের সংখ্যা কমে শূন্যের কোঠায় আসার সময়কাল বিবেচনায় এই সময়সীমা চিহ্নিত করেছে চ্যাটবট গ্রক।

 তবে প্রকৃতপক্ষে ঠিক কত সময় প্ল্যাটফর্মটি ডাউন ছিল, সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

আউটেজ চলাকালে ইউটিউবের সাইটে একটি দুঃখ প্রকাশের বার্তা দেখানো হয়। এতে ইউজারদের ‘পরে আবার চেষ্টা করার’ অনুরোধ জানানো হয়। 

এই প্রতিবেদন লেখার সময় ইউটিউব ব্যবহারে কোনো সমস্যা পাওয়া যায়নি।

ইউটিউব একটি হেল্প পেজে পোস্ট করে জানায়, ‘রেকোমেন্ডেশন সিস্টেমের সমস্যাটি সমাধান হয়েছে এবং এখন আমাদের সব প্ল্যাটফর্ম (ইউটিউব ডট কম, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক, কিডস ও টিভি) স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে।’

এর আগে ইউটিউব ডাউন থাকার কারণ হিসেবে এর মূল প্রতিষ্ঠান গুগল/অ্যালফাবেট জানায়, ‘আমাদের রেকোমেন্ডেশন সিস্টেমের একটি সমস্যার কারণে ইউটিউবের ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস প্ল্যাটফর্মগুলোতে কোনো ভিডিও দেখা যাচ্ছে না।’

গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। 

প্রতি মাসে ২৫০ কোটি মানুষ অন্তত একবার হলেও ইউটিউব ব্যবহার করে থাকেন।

২ মাস পর মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

প্রায় দুই মাস পর মেয়ে আনায়ার ছবি প্রকাশ করলেন জিয়াউল ফারুক অপূর্ব। মেয়ের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেতা।

একটি ছবিতে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে আছেন অপূর্ব। আরেক ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ান রয়েছেন।

ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছর ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আনায়ার জন্ম হয়।
 

ইরানের ‘পরিশোধিত’ ইউরেনিয়াম সরাতে হবে: নেতানিয়াহু

সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার পরমাণু আলোচনা। ইতোমধ্যে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সামরিক হামলা’ এড়াতে চুক্তির শর্তে ছাড় দিতে তারা রাজি। 

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। 

কিন্তু এই ইতিবাচক পরিস্থিতিকে কিছুটা হলেও ঘোলা করে দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে একটি বিশেষ দাবি জানিয়ে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

আলোচনা হচ্ছে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। কাগজেকলমে এতে তেল আবিবের সরাসরি কোনো সংযোগ নেই। তবুও, আলোচনাকে প্রভাবিত করতে বিশেষ ‘অস্ত্র’ নিয়ে হাজির হয়েছেন আন্তর্জাতিক অপরাধী আদালতে অভিযুক্ত আসামী নেতানিয়াহু।

নেতানিয়াহু মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তিই হোক না কেন, তেহরানের সবচেয়ে বেশি পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ সে দেশ থেকে সরিয়ে ফেলতে হবে

ইসরায়েলের দাবি মানতে হলে দীর্ঘদিন ধরে সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদটি আর ইরানের হাতের নাগালে থাকবে না। 

এমন সময় নেতানিয়াহু এই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সুইজারল্যান্ডের আলোচনায় যোগ দিতে জেনেভার উদ্দেশে রওনা হয়েছেন। 

এ সপ্তাহের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবেন ইরানের এই নেতা। 

জেরুসালেমে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, চুক্তিতে বেশ কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। 

‘প্রথমত, সব ধরনের পরিশোধিত উপকরণ (ইউরেনিয়াম) ইরান থেকে বের করে নিয়ে আসতে হবে’, বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, (ইরানের ইউরেনিয়াম) সমৃদ্ধকরণের সক্ষমতাও থাকতে পারবে না। এ কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অবকাঠামো ধ্বংস করতে হবে, যাইতে চাইলেও তারা আর এটা করতে না পারে।’

তৃতীয় বিষয় হিসেবে তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন। 

গত বছরের জুন পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৪০০ কেজিরও বেশি ৬০ শতাংশ পরিশোধিত ইউরেনিয়ামের মজুত আছে। এখন এই দুর্লভ সম্পদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। 

জুনের ১২ দিনের যুদ্ধ চলাকালে ওয়াশিংটন ও তেল আবিব উভয়ই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। 

তবে এতে ইউরেনিয়ামের মজুতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না, তা জানা যায়নি। 

মার্কিন-ইহুদি সংস্থার সভাপতিদের এক সম্মেলনে বক্তব্য রাখার সময় নেতানিয়াহু বলেন, তিনি এ মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় এসব শর্ত তুলে ধরেন।  

রোববার নেতানিয়াহু আরও দাবি করেন, তেহরানের পরমাণু প্রকল্পের ওপর সব সময়ই নজর রাখতে হবে। 

জুনে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে দুই দেশের ১২ দিনের যুদ্ধের সূত্রপাত ঘটায় ইসরায়েল। এর আগে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে ওই হামলার ফলে সেই আলোচনা ভেস্তে যায়। 

পরবর্তীতে যুদ্ধবিরতি চালুর আরও বেশ কিছুদিন পর গত ৬ ফেব্রুয়ারি ওমানে নতুন করে দুই পক্ষের আলোচনা শুরু হয়। 

ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকন নামের রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ‘ভয় না দেখালে’ ইরান পরমাণু আলোচনার শর্তগুলো মেনে চুক্তিতে সই দেবে না। 

প্রথমটির পর দ্বিতীয় রণতরী, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডও ইরানের কাছাকাছি সাগরের উদ্দেশে রওনা হয়েছে। 

জানা গেছে, ট্রাম্পের এক শব্দের নির্দেশে অন্তত সাত দিন ধরে ইরানে সামরিক অভিযান চালাতে মার্কিন সেনারা প্রস্তুত আছেন। 

এই পরিস্থিতিতে জেনেভার আলোচনার সাফল্যের জন্য শান্তিকামী বিশ্বনাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ুক, এটা কখনোই কাম্য নয়।
 

বিএনপি থেকে যোগাযোগ করেছিল, আমি না বলে দিয়েছি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের আগেই বিএনপি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি তাদের সঙ্গে বসতে রাজি হননি।
 

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
 

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ ধরনের কোনো আলোচনায় আমার আগ্রহ নেই, এ কথা স্পষ্ট করে বলে দিয়েছি। আমি বলেছি, যদি কখনো কথা হয়, তা ১২ তারিখের পর হবে।’
 

‘তারা যখন বুঝেছে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে। এমপির চেয়ে আরও বড় কিছু পাব। আমি না বলে দিয়েছি,’ বলেন তিনি।
 

ভোটের পর কয়েকটি ফোনকল পেয়েছেন বলেও জানান তিনি। ‘হয়তো কেউ অভিনন্দন জানাতে ফোন দিয়েছে। আমি জানি না। তবে এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই,’ বলেন রুমিন।
 

বিএনপির সঙ্গে বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো কিছু নেই। এটা তারেক রহমান সাহেবের দল। তিনি আমাকে বহিষ্কার করে দিয়েছেন। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের।’ 
 

গত ১৭ বছর ধরে ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘যেই নির্বাচনের জন্য বিএনপির এত লড়াই সংগ্রাম গত ১৭ বছর ধরে, গতকালের নির্বাচনে তাদের আচার-আচরণ বিভিন্ন জায়গায় খুব ভালো ছিল না। আওয়ামী লীগের ছায়া তাদের মধ্যে কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। দলের বিগত ১৮ মাসের কার্যক্রমে আমরা দেখেছি জুলুম, দখল, অবৈধ ব্যবসা, দুর্নীতি, চাঁদাবাজি। আমি কি এখন এগুলোর সঙ্গী হব, নিশ্চয়ই নয়। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের।’
 

‘আমি আশা করব বিএনপি ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত যে ভুলগুলো করেছে, তার রিপিটেশন হবে না। গত দেড় বছরে তারা নানাভাবে মানুষকে বিরক্ত করেছে, সেটার পুনরাবৃত্তি হবে না, বিএনপির প্রতি এটাই আমার আশা থাকবে,’ যোগ করেন তিনি।
 

নিজের জয়কে ভোটারদের সম্মিলিত বিজয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির যেসব পদধারী নেতা আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তারা যদি এমন আচরণ না করত, তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না।’
 

সংসদে ভূমিকা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ক্ষমতায় যে-ই থাকুক, তিনি সত্য বলবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। 
 

‘আমি প্রায় ৫ লাখ ভোটারের প্রতিনিধি। আমার দায়িত্ব তাদের প্রতিই। দেশের মানুষের পক্ষে আমার ভূমিকা থাকবে। যা সত্য পার্লামেন্টে দাঁড়িয়ে আমি তাই বলব। আমি মানুষের পক্ষে ছিলাম, আছি এবং থাকব,’ যোগ করেন তিনি।
 

বাবার স্মৃতিচারণ করে রুমিন ফারহানা বলেন, ‘ভাষা আন্দোলনের নেতা আমার বাবা অলি আহাদ ১৯৭৩ সালে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন। তবে বেসরকারিভাবে ফল ঘোষণা হওয়ার পরের দিন সেই ফলাফল পরিবর্তন করা হয়। সে সময় রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার আমার বাবাকে ফোন করে বলেছিলেন, কি অলি আহাদ, আমাকে ছাড়া জিততে পারলা না?’
 

এ আসনে বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে আমার বিরুদ্ধে নেমেছিল। কারণ তারা ভেবেছিল আমি রুমিন ফারহানা হয়েছি কেবল বিএনপি করতাম বলে। তারা বলেছিল রুমিনকে হারাতেই হবে।’
 

আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তারা সবকিছু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে না দেখলে এখানকার বিএনপির কর্ণধাররা জোর খাটাত।’ 
 

রুমিন ফারহানার জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাহবাজপুরে তার গ্রামের বাড়িতে নেতাকর্মী ও ভোটারদের ভিড় বাড়ছে। সকাল থেকেই তারা ফুল দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছেন।

হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে তার দল।

তিনি বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।

আজ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গতকাল জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে কক্সবাজার-১ আসন থেকে বিএনপি প্রার্থী সালাহউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু-নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল।

তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে।
এ দেশের সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি।

তিনি বলেন, এরইমধ্যে জুলাই জাতীয় সনদ সই হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে। জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী, এই দেশকে মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর এবং জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশবাসীর সহযোগিতা চাই।

তিনি বলেন, আমরা আশা করছি আজ বিকেলের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফল ঘোষণা করবে এবং তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সমালোচকরা চুক্তির বেশ কিছু বাধ্যতামূলক ও শর্তযুক্ত ধারার দিকে আঙুল তুলেছেন। এসব ধারা অনুযায়ী ওয়াশিংটন যেকোনো সময় চুক্তি বাতিল করে পুরোনো শুল্কহার ফিরিয়ে আনার ক্ষমতা রাখে, যদি না তাদের উদ্বেগ নিরসন হয়।

উদাহরণ হিসেবে ডিজিটাল বাণিজ্য সুবিধা-সংক্রান্ত ধারাটির কথা বলা যেতে পারে। চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করে এবং তা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে, তবে ওয়াশিংটন এই চুক্তি বাতিল করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশি পণ্যে আবারও ৩৭ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে। ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র এই শুল্কহার প্রস্তাব করেছিল।

একই শর্ত প্রযোজ্য হবে যদি বাংলাদেশ এমন কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক চুক্তি করে, যাকে যুক্তরাষ্ট্র ‘নন-মার্কেট কান্ট্রি’ বা বাজার অর্থনীতি হিসেবে স্বীকৃতি দেয় না।

চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় সমাধান না হলে ওয়াশিংটন চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে এবং পুনরায় ৩৭ শতাংশ শুল্ক বহাল করতে পারবে।

এই উচ্চ হারে শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বড় ধরনের ধাক্কা খাবে। কারণ, তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে আয় করে, তার প্রায় এক-পঞ্চমাংশই আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে।

গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে এমন একটি ধারাও রয়েছে, যা বাংলাদেশকে ‘যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্নকারী’ কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কেনায় বাধা দেবে।

তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। বলা হয়েছে, যদি বিকল্প কোনো সরবরাহকারী বা প্রযুক্তি না থাকে অথবা চুক্তি কার্যকর হওয়ার আগেই বিদ্যমান চুল্লির জন্য উপকরণ কেনার চুক্তি হয়ে থাকে, তবে তা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর মানে হলো, রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ অব্যাহত থাকতে পারে। তবে ভবিষ্যতের কোনো পারমাণবিক প্রকল্পের ওপর যুক্তরাষ্ট্রের নজর থাকবে।

অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ধারাটি উদ্ধৃত করে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ফেসবুকে লিখেছেন, ‘এটি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অংশ, কারণ এখানে “সার্বভৌমত্ব” নিয়ে প্রশ্ন ওঠে।’

ওই ধারায় আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য সহজতর ও উন্নত করতে কাজ করবে।’ পারমাণবিক বিধিনিষেধের বিষয়ে আসিফ সালেহ বলেন, ‘এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’

চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি বিনিয়োগের দুয়ারও খোলা রাখা হয়েছে। এর মাধ্যমে তারা খনিজ সম্পদ অনুসন্ধান, খনন, উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ ও রপ্তানি করতে পারবে।

এ ছাড়া বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন কৃষিপণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে পাঁচ বছর ধরে প্রতিবছর অন্তত ৭ লাখ টন গম এবং অন্তত ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২৬ লাখ টন সয়া ও সয়াজাত পণ্য এবং তুলা।

পাশাপাশি বাংলাদেশকে প্রাথমিকভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। এ ছাড়া আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলার মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপরও সীমা আরোপ করা হয়েছে।

আসিফ সালেহ বলেন, ‘এটি মুক্ত বাণিজ্যের চেয়ে বরং চাপিয়ে দেওয়া কেনাকাটার বাধ্যবাধকতা বলেই মনে হচ্ছে। বাংলাদেশের প্রকৃত প্রয়োজন বা সক্ষমতা যা-ই হোক না কেন, এটি কার্যত মার্কিন কোম্পানিগুলোর মুনাফা নিশ্চিত করছে।’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে সাধারণত সরকারিভাবে নয়, বরং বেসরকারি খাতের ব্যবসায়ীরাই ভোগ্যপণ্য আমদানি করেন। তিনি প্রশ্ন রাখেন, ব্যবসায়ীরা যদি অন্য কোথাও কম দামে পণ্য পান, তবে কেন তারা যুক্তরাষ্ট্র থেকে কিনবেন?

সে ক্ষেত্রে সরকারকে হয়তো বেসরকারি আমদানিকারকদের মার্কিন পণ্য কিনতে উৎসাহিত করতে প্রণোদনা দিতে হবে, যা রাজস্বের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।

গত সপ্তাহে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, সস্তা বিকল্প থাকার পরও বাংলাদেশকে হয়তো চড়া দামে পণ্য কিনতে বাধ্য হতে হবে।

তিনি বলেন, ‘আমরা যদি অন্য কোথাও সস্তায় পাই, তবু হয়তো তা নিতে পারব না। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।’

উড়োজাহাজ কেনা ও জ্বালানি আমদানির অর্থ কোথা থেকে আসবে, তা নিয়েও প্রশ্ন তোলেন সেলিম রায়হান। তিনি বলেন, ‘বিদেশি ঋণের ওপর নির্ভরতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।’

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, এই চুক্তি ইঙ্গিত দিচ্ছে যে কাঁচামালের জন্য বাংলাদেশকে চীনের ওপর নির্ভরতা কমাতে হবে।

চুক্তিতে ‘রুলস অব অরিজিন’ বা পণ্যের উৎসের নিয়মসংক্রান্ত একটি ধারাও রয়েছে। এতে বলা হয়েছে, যদি চুক্তির সুবিধা তৃতীয় কোনো দেশ বা তাদের নাগরিকদের কাছে উল্লেখযোগ্যভাবে চলে যায়, তবে যেকোনো পক্ষ চুক্তির উদ্দেশ্য বাস্তবায়নে রুলস অব অরিজিন নির্ধারণ করতে পারবে।

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, তৃতীয় দেশের বিষয়টি আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা উচিত ছিল।

গোপনীয়তার শর্ত দেখিয়ে চুক্তিটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তিতে একটি ‘এক্সিট ক্লজ’ বা বেরিয়ে যাওয়ার ধারা যুক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘কোনো দেশের পক্ষেই চুক্তি বাতিলের সুযোগ ছিল না।’ তবে চুক্তি বাতিল হলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৯ শতাংশ থেকে বেড়ে আবার ৩৭ শতাংশ হবে কি না, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত, অরিজিৎকে যা বলেছিলেন আমির

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন আমির খান। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো অরিজৎকে প্লেব্যাক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আটকানোর জন্য সেখানে গিয়েছিলেন। সম্প্রতি আমির সেই প্রশ্নের জবাব দিয়েছেন।

সুবাশ কে জহার সঙ্গে এক আলাপচারিতায় অমির খান জানান, তিনি আসলে মুর্শিদাবাদে অন্য কারণে ছিলেন।

তিনি বলেন,‘আমি কয়েক দিন আগে মুর্শিদাবাদে ছিলাম। আমি অরিজিৎকে গান ছাড়তে না বলার জন্য সেখানে ছিলাম না।

যদিও তাকে বোঝানোর চেষ্টা করেছি, তবে তাতে কাজ হয়নি। তিনি নিজের সিদ্ধান্তে অটল।’

আমির খান অরিজিৎ সিংয়ের প্রশংসা করে বলেন, ‘তিনি চমৎকার গায়ক। সত্যিই অসাধারণ প্রতিভা! তবে তার সরে যাওয়া সিনেমার জন্য ও ভক্তদের জন্য দুঃখজনক।’

সম্প্রতি অমির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ, অরিজিৎ, আমাদের চলচ্চিত্রে গান গাওয়ার জন্য।’
 

মধ্যপ্রাচ্যে বিমানবাহী দ্বিতীয় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার ফলে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরি মোতায়েন থাকবে।

মধ্যপ্রাচ্যের দিকে এগোনো যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি জেরাল্ড আর. ফোর্ড সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে তার এসকর্ট জাহাজসহ পরিচালিত হচ্ছিল। 

চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানেও অংশ নেয় রণতরিটি।

কেন দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের এটি প্রয়োজন হবে। আর যদি প্রয়োজন হয়, তার জন্য এটি প্রস্তুত থাকবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রণতরিটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।

জেরাল্ড আর. ফোর্ড সেখানে গিয়ে আব্রাহাম লিংকন রণতরির সঙ্গে যোগ দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমানও মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সবশেষ গত বছর ওই এলাকায় দুটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছিল। ওই বছরের জুনে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

মার্কিন সামরিক বাহিনীর হাতে মাত্র ১১টি বিমানবাহী রণতরি থাকায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। সাধারণত তাদের সময়সূচি অনেক আগে থেকেই নির্ধারিত থাকে।

লাতিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা পশ্চিম গোলার্ধে ‘অবৈধ কর্মকাণ্ড এবং অশুভ শক্তির’ বিরুদ্ধে কার্যক্রমে মনোযোগ অব্যাহত রাখবে।

ট্রাম্প এই সপ্তাহেই বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে তিনি দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বিবেচনা করছেন।

শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সফল হবে। 

তবে সতর্ক করে দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘যদি তা না হয়, তাহলে ইরানের জন্য সেটা খারাপ দিন হবে।’

বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আ. লীগ অফিসের তালা

ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে উপজেলার চাকলাহাটে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের তালা খোলা হয়।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবর জানাজানি হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর দুপুরের দিকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বক্তব্যসহ এক মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। পাশে দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা আবু দাউদ এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা।

ভিডিওতে ওই আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায়, ‘বিএনপি বিপুল আসনে সারা বাংলাদেশে সরকার গঠনের পথে, এই মূহুর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি প্রথমেই যে কাজটি করেছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন, আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত-অবমুক্ত করেছেন।’

তবে ওই বিএনপি নেতার দাবি, এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। নিজের এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সহাবস্থান বজায় রাখতে তিনি তালা খুলে দিতে বলেছেন।

এদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ের পর উপজেলা বিএনপির সভাপতির এমন কাজে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে বিএনপি  নেতা আবু দাউদ প্রধান দ্য ডেইলি স্টারকে বলেন, ’সকালে চাকলা বাজারে যাওয়া পর কয়েকজন আমাকে বললেন আওয়ামী লীগ অফিসের তালা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তখন আমি বললাম, উত্তেজনা তৈরি করা যাবে না। পরে তালা খুলে দিতে বলি।’

জানতে চাইলে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলা বিএনপি নেতা আবু দাউদের এমন কাজের নিন্দা জানাই। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি শিগগির জানাব।’