নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে পুলিশ সদস্য ও কোস্টগার্ডের গাড়িচালকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলা উদ্দিন সন্ধ্যার দিকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আজ বিকেলে নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট রুটে নৌ-ফেরি সার্ভিস মহানন্দা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন সচিব ড. নুরুননাহার চৌধুরী। নৌ-ফেরি উদ্বোধন শেষে ফেরি সার্ভিস আনার ক্রেডিট নিয়ে এনসিপি নেতা ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ও বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের অনুসারীরা পাল্টা-পাল্টি স্লোগান তুলেন। এ নিয়ে একপর্যায়ে দুই পক্ষ কথা কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা আবারো পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এসময় কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নলচিরা ঘাট এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ‘ফেরি চালুর ক্রেডিট নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, সমর্থকদের ওপর হামলাকারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছেন আব্দুল হান্নান মাসউদ। অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তবে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি থমথমে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ৭-৮ জন আহত হয়েছেন বলে শুনেছি।’
ইউএনও আলা উদ্দিন বলেন, ‘ইটের আঘাতে কোস্টগার্ডের এক গাড়িচালক ও পুলিশের এক গাড়িচালকসহ ৮-১০ জন আহত হওয়ার খবর শুনেছি।’
