ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার জামায়াতে ইসলামীর সাবেক নেতা মোহাম্মদ শামীম আহসানকে বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামীম আহসান সমিতির পাথরঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কবির এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি শামীম আহসান কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও বেফাঁস মন্তব্য করেন।
আরও বলা হয়, এতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সকল শেণি পেশার মানুষকে মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছে।
এতে উল্লেখ করা হয়, এমন অশালীন বক্তব্য শিক্ষক সংগঠন এবং শিক্ষক আদর্শেরও পরিপন্থি। এ কারণে আয়োজিত একটি সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শিক্ষক সমিতি, পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে মো. শামীম আহসানকে বহিষ্কার করা হয়েছে।
শামীম আহসানের মন্তব্য সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়ায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গতকাল মঙ্গলবার ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মোহাম্মদ শামীম আহসানকে জামায়াতে ইসলামীর সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত শনিবার রাতে পাথরঘাটার কাটাখালী এলাকায় জামায়াত মনোনীত বরগুনা–২ আসনের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী সভায় শামীম আহসান বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।’
ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মন্তব্যের নিন্দা জানায়। পাশাপাশি ডাকসু নেতারা তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন।
সমালোচনার মুখে রোববার রাতে শামীম আহসান ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।
