2.1 C
New York

বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

নেপালের মূলপানিতে বুধবার বাছাইপর্বের ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে ৩৯ রানে। এই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে অবশিষ্ট দুই ম্যাচ থেকে টাইগ্রেসদের এখন প্রয়োজন মাত্র একটি জয়। এমনকি কোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও তাদের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে থাইল্যান্ড ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে লক্ষ্য থেকে অনেকটা দূরেই থেমে যায়।

রান তাড়ায় থাইল্যান্ড শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়লেও নাথাকান চান্তামের ৪৪ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। এছাড়া নারুয়েমল চাইওয়াই ৩০ এবং নান্নাপাট কনচারোয়েনকাই ২৯ রান করেন। তবে দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার; তিনি নেন ৩টি উইকেট। এছাড়া ঋতু মনি ও স্বর্ণা আক্তার ২টি করে এবং ফাহিমা খাতুন ১টি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার দিলারা আক্তার ইনিংসের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন এবং শারমিন আক্তার করেন মাত্র ১১ রান। তবে তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ১১০ রানের অনবদ্য জুটি ইনিংস সামাল দেয়।

দুই ব্যাটারই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম ফিফটি পাওয়া জুয়াইরিয়া ৪৩ বলে ৫৬ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কার মার। অন্যদিকে সোবহানা ৪২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস।

শেষ দিকে ঋতু মনি ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিও খেললেও বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৬ রান এবং স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ৪ রান।

Related Articles

Latest Articles