পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে বার্সেলোনার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন হোয়ান লাপোর্তা। স্প্যানিশ পরাশক্তিদের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, এর মাধ্যমে আগামী ১৫ মার্চের নির্বাচন সামনে রেখে ৩৫ দিনের ক্ষণগণনা শুরু হলো।
২০২১ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গত নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন লাপোর্তা। ক্লাবটির সংবিধি অনুযায়ী প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। আগামী সাড়ে তিন মাস সহ-সভাপতি রাফা ইউস্তে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পেশায় আইনজীবী লাপোর্তার লক্ষ্য হলো ব্যালট বাক্সের লড়াইয়ে জয়ী হয়ে আগামী ১ জুলাই আবার পদে ফেরা। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্তের তুলনায় তাকেই এবারের নির্বাচনে ফেভারিট প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
বার্সার সাবেক নির্বাহী হাভিয়ের ভিলাহোয়ানা ও প্রথমবারের মতো বার্সেলোনার নির্বাচনে অংশ নিতে যাওয়া অর্থনীতিবিদ মার্ক সিরিয়া প্রার্থিতা পাওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করেছেন।
ক্লাবটিতে ন্যূনতম এক বছরের সদস্যপদ রয়েছে এমন প্রায় এক লাখ প্রাপ্তবয়স্ক সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
বার্সেলোনা নিশ্চিত করেছে যে, ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে নির্বাচনটি আবারও একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ক্লাবটির নিজস্ব স্থাপনা ছাড়াও স্পেনের স্বায়ত্তশাসিত কাতালুনিয়া অঞ্চলের অন্য তিন প্রাদেশিক রাজধানী জিরোনা, তারাগোনা ও লেইদা এবং অ্যান্ডোরা লা ভেলাতে ভোটকেন্দ্রগুলো থাকবে।
বিরোধী প্রার্থীদের অনুরোধ সত্ত্বেও বার্সেলোনা জানিয়েছে, এবার পোস্টাল ভোটের অনুমতি দেওয়া হবে না। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ সালের নির্বাচনে ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে এটি চালু করা হয়েছিল।’
ওই নির্বাচনে ভোট দেওয়া ৫৫ হাজার সদস্যের মধ্যে ২০ হাজারেরও বেশি সদস্য ডাকযোগে ভোট দিয়েছিলেন।
সভাপতি হিসেবে লাপোর্তার সদ্যসমাপ্ত মেয়াদে ক্লাবটি একটি অস্থির কিন্তু রূপান্তরমূলক সময়ের মধ্য দিয়ে গেছে।। তার এই মেয়াদ শুরু হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্যাম্প ন্যু ছাড়ার মধ্য দিয়ে।
তবে বর্তমানে বার্সেলোনা ইউরোপিয়ান ফুটবলে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা করছে। তারা লা লিগা ও কোপা দেল রের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আছে এবং গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল।
