4 C
New York

আসছে ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড ভার্সন, থাকতে পারে যেসব ফিচার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকা তৈরি করা হলে সেটার ওপরের দিকেই জায়গা পাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। তিন প্ল্যাটফর্মেরই মূল প্রতিষ্ঠান মার্ক জাকারবার্গের মেটা।

আজীবন নেটিজেনরা বিনামূল্যেই এই সেবাগুলো উপভোগ করে এসেছেন। এসব সেবা ব্যবহারের জন্য টাকা খরচের ধারণাটিও যেন অকল্পনীয়।

কোনো কোনো ক্ষেত্রে ভেরিফায়েড প্রোফাইলের জন্য প্রতি মাসে টাকা খরচের নিয়ম থাকলেও এসব অ্যাপ ব্যবহার করতে ডাটার খরচ ছাড়া বাড়তি এক পয়সাও খরচ করতে হয়নি ইউজারদের।

তবে এবার বদলাচ্ছে দৃশ্যপট। জনপ্রিয় এসব অ্যাপের ‘পেইড ভার্সন’ চালু হতে যাচ্ছে। টেকক্রাঞ্চ ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পেইড সাবস্ক্রিপশনের বিনিময়ে বিশেষ কিছু সেবা দেবে অ্যাপগুলো।

এ ধরনের পেইড সংস্করণ খুব শিগগির পরীক্ষামূলকভাবে বাজারে আসবে। এমনই আভাস মিলেছে।

তবে বরাবরের মতো মৌলিক সেবাগুলো ফ্রিই থাকছে।

আগামী মাসগুলোতে বান্ডেল আকারে বিশেষায়িত সেবাসহ পেইড ভার্সন চালু হবে। প্রতিটি অ্যাপের নিজস্ব কিছু ফিচার থাকবে, যেগুলোর স্বাদ পেতে ইউজারদের বাড়তি অর্থ গুণতে হবে।

এসব ফিচারে সৃজনশীলতা, নতুন কনটেন্ট তৈরিতে সহায়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা থাকতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়।

নতুন পেইড সংস্করণের পাশাপাশি ভেরিফায়েড প্রোফাইল সেবাও চালু থাকবে।

সম্প্রতি মেইনাস নামে একটি নতুন এআই স্টার্টআপ কিনে নিয়েছে মেটা। জানা গেছে, ওই প্রতিষ্ঠানের অত্যাধুনিক এআই ফিচারগুলো পেইড সেবায় যোগ করা হবে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের ভাইবস এআই ভিডিও জেনারেটর অ্যাপে ‘ফ্রিমিয়াম’ মডেল চালুর পরিকল্পনা করছে। 

প্রতিবেদনে কয়েকটি সম্ভাব্য আরও কয়েকটি ফিচারের কথা বলা হয়েছে। 

তার মধ্যে একটি হলো ইনস্টাগ্রামে আপনি ফলো করছেন, কিন্তু আপনাকে ফলো করছেন না এমন ইউজারদের তালিকা দেখার সুযোগ।

ফ্রি সংস্করণে শুধু আপনি কাদের ফলো করছেন বা আপনাকে কারা ফলো করছে, তা দেখা যায়। এভাবে ফিল্টার করে দেখার সুযোগ নেই।

অপর ফিচারটি ‘স্টোরি’ সংক্রান্ত। ফেসবুক ও ইনস্টাগ্রাম উভয়ের ক্ষেত্রে আপনার ‘স্টোরি’ কারা দেখেছে, তা খুব সহজেই জানা যায়। ওয়ালের পোস্ট বা অন্য অনেক কনটেন্টে এই সুবিধা নেই।

এ কারণে, যারা ‘গোপনে’ অন্য কোনো ইউজারের প্রোফাইলে নিয়মিত আনাগোনা করেন, তারা সাধারণত স্টোরি দেখা থেকে বিরত থাকেন। তবে পেইড ফিচার এই সমস্যা দূর করতে যাচ্ছে। আপনি চাইলে ‘অ্যানোনিমাস’ বা ‘বেনামি’ থেকেও অন্যের স্টোরি দেখতে পাবেন।

তবে ‘ভুতের মতো’ অন্যের প্রোফাইলের স্টোরি দেখার এই সুবিধা পেতে অবশ্যই অর্থ খরচ করতে হবে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

মেটা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

তথ্য প্রযুক্তি ওয়েবসাইট টেকক্রাঞ্চ পরবর্তীতে জানায়, পরীক্ষামূলকভাবে সেবাগুলো চালুর পর ইউজারদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে মেটা। তাদের ভালো লাগা-মন্দ লাগার ওপর নির্ভর করবে পেইড ফেসবুক-মেটা-হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ।

Related Articles

Latest Articles