কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে তার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দেন।
গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে।
এর আগে, কুমিল্লা-৪ আসনের রিটার্নিং অফিসার যাচাই-বাছাইয়ের পর মঞ্জুরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। জবাবে হাসনাত আবদুল্লাহ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন।
হাসনাতের মনোনয়নের বিরুদ্ধে মঞ্জুরুল একটি পাল্টা আপিলও করেন, দাবি করেন যে তার হলফনামায় আয় ও ব্যয়ের বিবরণ নেই। পরে ১৭ জানুয়ারি মঞ্জুরুলের আপিল খারিজ করে এবং হাসনাতের প্রার্থিতা বহাল রাখে।
এরপর বিএনপির এই প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট তার আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। পরে ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
