-0.2 C
New York

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই সংসদ সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থীকে এ জরিমানা করেন নির্বাচনী দায়িত্ব পাওয়া দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানিয়েছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী ফতুল্লার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন।
এ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচার করায় মনির কাসেমীর প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা করেন ফতুল্লা সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

‘খেজুর গাছ প্রতীকের ওই প্রার্থী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫ (খ) লঙ্ঘন করেছেন। অনুষ্ঠানের আয়োজক ও প্রার্থীর প্রতিনিধি তা স্বীকারও করেছেন। বিধি অনুযায়ী প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে’, বলেন আসাদুজ্জামান নূর।

এদিকে অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের সঙ্গে টাকা উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।

এ বিষয়ে মনির হোসাইন কাসেমী বলেন, প্রতিষ্ঠানের লোকজনের অনুরোধে তিন বিজয়ী শিক্ষার্থীকে দুই হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দিয়েছি। এই টাকা প্রতিষ্ঠানের লোকজনই সরবরাহ করেছেন। আমি কেবল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে।

তিনি আরও বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওকে ‘ভোটারদের মাঝে টাকা বিলি’ বলে উপস্থাপন করে ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

এদিকে আড়াইহাজার উপজেলায় গাড়িবহর নিয়ে গণসংযোগ করায় নারায়ণগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, নির্বাচনী আচরণ বিধিমালার ৯(ক) লঙ্ঘন করায় তাকে এ জরিমানা করা হয়।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে জরিমানা করা হয়।

Related Articles

Latest Articles