নদীতে ভাসমান জীবনযাপন করা মানতা সম্প্রদায়ের কিছু মানুষ এবছর প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে ভোটাধিকার পেলেও কোনো প্রার্থী তাদের কাছে ভোট চাইতে যাচ্ছেন না বলে অভিযোগ এই সম্প্রদায়ের মানুষের।
বরিশাল জেলার আড়িয়াল খাঁ নদীতে শত বছরের বেশি সময় ধরে নৌকায় বসবাস করে আসছে মানতা সম্প্রদায়। দীর্ঘদিন জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা ভোটাধিকার বঞ্চিত ছিলেন। এবার প্রথমবারের মতো এই সম্প্রদায়ের কিছু মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
আড়িয়াল খাঁ নদীর একটি নৌবহরে ৯৩টি নৌকায় প্রায় ৪০০ মানুষ বসবাস করছেন।
মানতা সম্প্রদায়ের সরদার জসিম জানান, এদের মধ্যে অন্তত ১০০ জন ১৮ বছরের নিচে। বাকি প্রায় ৩০০ জনের মধ্যে মাত্র ৭৩ জন ভোটার তালিকায় রয়েছেন। তারা সবাই এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।
তবে ভোটের পরিবেশ ও প্রার্থীদের বিষয়ে কোনো যোগাযোগ না থাকায় ভোট দিতে আগ্রহ কম বলে জানান তারা।
জসিম বলেন, ‘আমাদের কাছে কেউ আসে না। ভোটকেন্দ্র কোথায়, প্রার্থী কে—এসব আমরা জানি না। তাই ভোট দিতে যাবে কি না, আমরা জানিনা।’
তিনি বলেন, গত এক সপ্তাহে মাত্র একজন প্রার্থী খোঁজ নিয়েছিলেন।
মানতা সম্প্রদায়ের এক প্রবীণ নারী বলেন, ‘আমরা নদীর পানি খাই, কবর দেওয়ার জায়গাও নেই। আমাদের কথা শোনার কেউ নেই। ভোট দিয়ে কী হবে?’
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া নৌবহরের মানতা সম্প্রদায়ের সরদার রানা জানান, সেখানে ২৮টি নৌকায় শতাধিক মানুষ বসবাস করলেও ভোটার রয়েছেন অর্ধেকেরও কম। তারাও ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
মানতা সম্প্রদায় নিয়ে কাজ করা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী জীবন জানান, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ, চরকাউয়া, চরমোনাই ও টুংগীবাড়িয়াসহ পাঁচটি ইউনিয়নে তিন শতাধিক মানতা পরিবার বসবাস করে।
এসব এলাকায় এক হাজার ২০০ জনের বেশি মানুষের মধ্যে মাত্র ৩৫০ জন ভোটার তালিকাভুক্ত বলে।
তিনি জানান, এ বছর নতুন করে ২৮ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ, দপদপিয়া ফেরিঘাটসহ বরিশালের বিভিন্ন এলাকায় আরও চার শতাধিক মানতা পরিবার বসবাস করে। তাদের মধ্যেও ভোটার তালিকায় নাম রয়েছে অর্ধেকের কম মানুষের।
সব মিলিয়ে বরিশাল জেলায় মানতা সম্প্রদায়ের মানুষের সংখ্যা তিন হাজারের বেশি হলেও ভোটাধিকার রয়েছে প্রায় অর্ধেকের।
বরিশাল সমাজসেবা অফিস সূত্র জানায়, এই প্রথমবারের মতো ৫০ জন মানতা সম্প্রদায়ের মানুষ সামাজিক নিরাপত্তা ভাতার আওতায় আসছেন। তবে তাদের মোট জনসংখ্যা ও ভোটার সংখ্যা আলাদাভাবে নির্ধারণ করা হয়নি।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান তালুকদার বলেন, ‘এই প্রথমবারের মতো তারা ভোট দিতে পারলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।’
বরিশাল জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলায় ছয়টি আসনে মোট ২২ লাখের বেশি ভোটার রয়েছেন। তবে মানতা সম্প্রদায়ের ভোটাররা আলাদা কোনো শ্রেণি হিসেবে
