1.7 C
New York

যুক্তরাষ্ট্রের হারে বিশ্বকাপে বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজটা আগেই সহজ করে রেখেছিল বাংলাদেশ। এরপর চোখ ছিল যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াইয়ে। ফল যদি বাংলাদেশের পক্ষে আসে, তবে হাতে থাকা দুই ম্যাচ খেলতেই না নেমে নিশ্চিত হয়ে যাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। ঠিক সেটাই হয়েছে। যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় আগাম টিকিট কেটেই বিশ্বকাপের মঞ্চে উঠে গেল বাঘিনীরা।

বুধবার কির্তিপুরের থিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি আইনে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে তোলে ১২৯ রান। জবাবে ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন ডাচদের জয়ের জন্য দরকার ছিল ৭০ রান। সেই লক্ষ্য ছাড়িয়ে তারা করে ফেলে আরও ২০ রান বেশি। ফলাফল, ২১ রানের জয়।

এই জয়ে নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয় বাংলাদেশেরও। তিন ম্যাচে দুই দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে হারলেও সেরা চারে থাকা নিশ্চিত, সে কারণেই দুই দলের বিশ্বকাপের টিকিট একপ্রকার আগেভাগেই পাকা হয়ে গেছে।

এর আগে একই দিনে মূলপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জুয়াইরিয়া ফেরদৌস (৫৬) ও সোবহানা মোস্তারির (৫৯) ১১০ রানের অনবদ্য জুটি গড়ে দেয় বড় সংগ্রহের ভিত।

জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে ১২৬ রানেই থেমে যায়। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার, নেন ৩ উইকেট। এছাড়া ঋতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট।

 

Related Articles

Latest Articles