সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার দিবাগত রাতে ১৮ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি আরও অভিযোগ করেন, ‘১১ দলের প্রার্থী এবং সমর্থকদেরকে বিভিন্ন জায়গায় লক্ষ্যবস্তু করা হচ্ছে। এটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত না অপ্রত্যাশিত।’
‘আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করলেও কিছু কিছু ঘটনায় অনেক বেশি আশঙ্কা তৈরি হয়েছে আমাদের মধ্যে,’ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘আমরা মনে প্রাণে চাই, দৃঢ়ভাবে চাই যে, এই নির্বাচনটা সুষ্ঠু হোক। এই নির্বাচনে জয়-পরাজয় বড় কথা না। এই নির্বাচনের বড় কথা হচ্ছে যে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। এক হাজার মানুষের জীবন দানের পরেও যদি এটা না হয়, তাহলে আমাদের জন্য ঘোর অন্ধকার সামনের দিনগুলোতে থাকবে।’
‘রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে এটা আমাদের সক্ষমতার প্রশ্ন। আমাদের যে ভাই-বোনেরা শহীদ হয়েছে, জীবন দান করেছে, তাদের আত্মত্যাগের মূল্যায়নের প্রশ্ন,’ যোগ করেন তিনি।
প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে, বিভিন্ন জায়গায় একটি দল—আমাদের যারা প্রতিদ্বন্দ্বী, তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ওসিদের নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তাদের দলীয় প্রার্থীকে সহায়তা করে।’
‘বিভিন্ন মিডিয়ার ভূমিকা অত্যন্ত নেতিবাচক, আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার-প্রোপাগান্ডা চালানো হচ্ছে ১১ দলের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় মব তৈরি করে ১১ দলের নেতাকর্মী-সমর্থকদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে,’ অভিযোগ করেন ঢাকা–১১ আসনের এই প্রার্থী।
এ সময় তিনি পুলিশের বিরুদ্ধে কোনো কোনো জায়গায় পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলেন।
কেন্দ্রে অনিয়ম দেখলে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে সব জায়গায়। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন।’
জেন-জিদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে হয়তো ভোটার নও, কিন্তু তোমাদের উচিত ভোট কেন্দ্রে আসা। তোমরা ভোট কেন্দ্রে আসো, ভোট কেন্দ্রের ৪০০ গজের বাইরে আশেপাশে অবস্থান রাখো, যদি অন্যায় দেখো তাহলে প্রতিরোধ করো। বন্ধু-বান্ধব তোমরা একসাথে দল বেঁধে ভোটকেন্দ্রে আসো, আর তোমরা দেখো কীভাবে ভোট হয় এবং একটা সুষ্ঠু ভোট দেখার এই সৌভাগ্য আমাদের জাতি হিসেবে সবার হোক এটা আমরা প্রত্যাশা করি।’
ফ্যাসিস্টরা নানাভাবে তৎপর হয়েছে অভিযোগ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘তাদের সাথে যোগ দিয়েছে একটি দল, যারা এই নির্বাচনে আছে। ফলে ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জায়গাতে নানা ধরনের অপতৎপরতা রয়েছে।’
‘আমরা মনে করি, এই ১২ ফেব্রুয়ারির নির্বাচন ফ্যাসিস্টদেরকে পরাজিত করার নির্বাচন। তাদেরকে ছাড়াই একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। ফ্রি অ্যান্ড ফেয়ার, ব্যাপক অংশগ্রহণমূলক ইলেকশন আসলে সম্ভব,’ যোগ করেন তিনি।
অপতৎপরতাকারীদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ‘প্রশাসনের লোক হোক, আর রাজনৈতিক কর্মী, যারা এই অপতৎপরতা করবে তারা চিহ্নিত থাকবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সময় মতোই এই বিচার হবে ইনশাআল্লাহ।’
