1.1 C
New York

গোপালগঞ্জে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চারজন।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)। তারা দুজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নির্বাচনী প্রচারণায় থাকা একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা-খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। 

পরিদর্শক মাসুদ আরও জানান, ঘটনাস্থলেই জিকার সরদার ও হাসিব শেখ মারা যান। এছাড়া ইজিবাইকের আরও চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Related Articles

Latest Articles