একটি দলের ভোট চুরির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
শুরুতেই তিনি জয়পুরহাটের দুটি আসন ও নওগাঁর ছয়টি আসনের মোট আটজন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, ‘তারা নির্বাচিত হয়ে এলাকায় কাজ করবে। কাজেই আপনাদের এলাকার দাবি ও সমস্যা যারা দেখবেন তাদের নির্বাচিত করবেন।’
ভোট চুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি দল ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু অন্য একটি দল এখনো আছে। এই দুই দল আগে থেকেই একসাথে ছিল। বিভিন্ন সময়ে তারা প্রকাশ্যে এবং গোপনে একে অপরের সঙ্গে ছিল।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে তাদের কি কোথাও রাজপথে বা আন্দোলনে দেখেছেন? কোনো প্রতিবাদে দেখেছেন? তারা কোথাও ছিল না। কিন্তু গোপনে তারা সবসময় একসঙ্গে ছিল। এখন তারা আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছে।’
এ সময় তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যাতে ষড়যন্ত্রের মাধ্যমে তারা আপনাদের ভোট এদিক-সেদিক করতে না পারে।’
অতীতের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনাদের ব্যালট বাক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালে কী হয়েছিল মনে আছে? এক মুহূর্ত আগে বাক্স খালি, পরের মুহূর্তে ভর্তি।’
২০০৮ সালের মতো আরেকটি পরিকল্পনার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা এর আগে ডামি নির্বাচন ও রাতের ভোট দেখেছি। আপনারা দেখেছেন লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু লাইন নড়ছে না, আর ভেতরে সিল মারা হচ্ছে। এই সবকিছু নিয়ে আপনাদের সজাগ থাকতে হবে।’
ঢাকাসহ বড় বড় শহরে বড় ফ্লাইওভার বা উঁচু ভবন নির্মাণের মতো মেগা প্রজেক্ট নামেই মেগা দুর্নীতি বলে জানান তিনি। বলেন, ‘আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। আমরা জেলা ও উপজেলা শহরগুলোর ভাগ্য বদলাতে চাই। আমরা শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে চাই। আমাদের মা-বোনদের স্বাবলম্বী করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা এমন এক নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই যেখানে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারবে, ব্যবসা করতে পারবে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে।’
বিএনপির দীর্ঘদিনের স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সবসময় একটি স্লোগানই দিয়ে এসেছে— সকল ক্ষমতার উৎস জনগণ।’
নওগাঁয় রেল যোগাযোগ স্থাপন এবং কৃষি পণ্যের জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
