অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগে উঠেছে। চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে শিগগির তার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এর আগেও সচিবালয়ে সাংবাদিকতার নামে চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগ করেছেন এই সম্পাদক।
মো. একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ লেনদেন, প্রশাসনে নিয়োগ ও পদায়নের তদবির এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগসংক্রান্ত একাধিক অডিও ও ভিডিও ফুটেজ এসেছে এই প্রতিবেদকের হাতে। এসব অডিও বিশ্লেষণে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর নাম উল্লেখ করে নিজের প্রভাব ও ক্ষমতার জানান দেওয়ার বক্তব্য শোনা গেছে।
অডিওগুলোতে উঠে এসেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আশ্বাস, অর্থ গ্রহণের স্বীকারোক্তিমূলক বক্তব্য এবং সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দেনদরবারের নানা প্রসঙ্গ।
প্রতিবেদকের হাতে আসা একটি অডিওতে শোনা যায়, দেলোয়ার নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে বসানোর ব্যবস্থা করছেন বলে দাবি করেন মো. একরামুল হক। এ জন্য ডিজিএফআই থেকে সুপারিশ এসেছে বলেও উল্লেখ করেন তিনি। এমনকি চেয়ারম্যান পদে বসাতে না পারলে ওই ব্যক্তিকে সচিব বানিয়ে দেওয়ার আশ্বাসও দেন।
আরেকটি অডিওতে অর্থ গ্রহণের বিষয়ে কথা বলতে শোনা যায় একরামুল হককে। সেখানে তিনি বলেন, ‘আপনি ভাই হিসাবে বলেছেন বলে টাকাটা আমি নিয়েছি, অন্যথায় আমি টাকা নিতাম না। এগুলো দিয়ে আমার কিছুই হয় না। আমার মাসে কত টাকা খরচ।’
দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার দাবি তুলে অন্যদের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। একটি অডিওতে মোখলেস নামের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে নিজের রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগের বিষয়ে কথা বলতে শোনা যায় একরামুল হকের কণ্ঠে।
তিনি বলেন, ‘মোখলেস তো মন্ত্রণালয়ে বসে না, বসে ইয়েতে…। আমার কত বড় বড় লোকের সঙ্গে খাতির। আমি আজকের লোক না। তারেক রহমান বিদেশ থাকতে একমাত্র আমার পত্রিকা শীর্ষ নিউজ পড়তেন, এটা সবাই জানে। আমি তার কাছে তেল মারতে যাবো না। আপনারা আবার বিপদে পড়বেন, আমার কাছে আসবেন, তখন আমি তার কাছে যাবো।’
অন্য একটি অডিওতে একজন যুগ্ম সচিবের সঙ্গে সংবাদ প্রকাশ বন্ধ করার বিষয়ে আলোচনার বর্ণনা দিয়েছেন একরামুল হক। তাঁর দাবি, ওই যুগ্ম সচিব তাঁকে ফোন করে মন্ত্রণালয়ে ডেকে নিয়েছিলেন।
একরামুল হক বলেন, ‘জয়েন্ট সেক্রেটারি আমাকে ফোন করে নিয়েছেন। তিনি আমাকে বলেছেন, একরাম ভাই আপনার সঙ্গে কথা আছে। আপনি নিউজ করলে তো বিপদ হয়ে যাবে। …তিনি বলেছেন, গরম গরম ডেকে ইয়ে করেন, উনাকে থামান।’
এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বারী বিপদে পড়া মানে উনিও বিপদে পড়ে যাবেন। উনি ডেকে বললেন, এই ব্যাপার, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনার সাথে ইয়ে করার জন্য। কিন্তু কথা হলো, সে বিপদে পড়েই না এটা করলো।’
একই অডিওতে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একরামুল হক বলেন, ‘আমি তাঁকে আগেও বলেছি, সে বহু আকাম-কুকাম করেছে, বহু টাকা পয়সা কামাইছে, তার বিরুদ্ধে বহু কিছু আছে। আমি তার বিরুদ্ধে কিছু লিখতে পারছি না, এখন কী করবো?’
এরপর নিয়োগ ও পদায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনি সেদিন বললেন, এখন তো নিয়োগ বন্ধ আছে, আবার চালু হলে দেখবো। এখন সব জায়গায় যদি সে খায়… আমাদের এক দুইটা কাজ তো শুরুতেই করে দেওয়ার কথা। …চেয়ারম্যান করে নাই, দেলোয়ারকে করে নাই, একটা কাজও এখন পর্যন্ত করে নাই। …সব বড়দের সঙ্গেই আমার খেলাধুলা হয়ে আসছে।’
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছেন মো. একরামুল হক। তাঁর দাবিকৃত অর্থ দিতে কেউ অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয় বলেও অভিযোগ রয়েছে। এমনকি এসব সংবাদ প্রকাশ করে তিনি নিজেই বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে বিতরণ করেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদ প্রকাশের ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এর আগেও সচিবালয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল।
মো. একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। আওয়ামী লীগ সরকারের আমলেও সচিবালয়কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলার আসামি হয়েছিলেন তিনি। ২০১১ সালের ২৮ জুলাই গিয়াসউদ্দিন তালুকদার নামের এক ব্যবসায়ী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩১ জুলাই কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে রিমান্ডে পাঠান।
এর পরদিন ১ আগস্ট সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক শাহবাগ থানায় একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা করেন।
ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ৩ জুলাই বাদীর কাছে দাবি করা ১০ লাখ টাকা আদায়ের জন্য সচিবালয়ে যান একরামুল হক। সেখানে এমদাদুল হককে না পেয়ে অন্য এক ব্যক্তির মাধ্যমে জানিয়ে দেন, ওই দিনের রাতের মধ্যে দাবিকৃত টাকা পরিশোধ করা না হলে এমদাদুল হককে হত্যা করা হবে।
এরপর ২ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে একরামুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার স্ত্রী মাহবুবা হককেও আসামি করা হয়েছিল।
চাঁদাবাজির একাধিক মামলায় গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগ এবং অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনার পরও বর্তমানে আবার সচিবালয়ে প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছেন মো. একরামুল হক। সচিবালয়ে বসে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ ও বিতর্কিত অতীতের পরও কীভাবে তিনি পুনরায় সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এখন তিনি আবারও চাঁদার জন্য মরিয়া হয়ে উঠেছেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা তার চাঁদাবাজির জন্য অতিষ্ঠ। এমনকি বিএনপি সরকারের নীতিনির্ধারকদের অনেকেই তার কর্মকাণ্ডে বিব্রত বলে জানা গেছে। অনেকেই তার সংবাদ প্রকাশের ভয়ে মুখ খুলতে সাহস না পেলেও শিগগির একজন ব্যবসায়ী চাঁদাবাজির সুনির্দিস্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন।
চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জানতে একাধিকবার মো. একরামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
