দেশ পরিচালনা করতে হলে দেশের মানুষের জন্য তাদের পরিকল্পনা নেই, কিন্তু বড় বড় কথা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার বিকালে ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোডে এক নির্বাচনী জনসভায় একটি দলকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘মঞ্চে দাঁড়িয়ে অনেকেই বড় বড় কথা বলতে পারেন, হাততালি পাওয়ার জন্য অনেকেই সুন্দর কথা বলেন। কিন্তু দেশ চালানো এত সহজ কোনো কাজ নয়।’
তিনি বলেন, ‘দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার, কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি, কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই বন্ধু-বান্ধব গত এক দেড় বছর যাবত দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন?’
তারেক রহমান বলেন, ‘এটি আজ প্রমাণিত—যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, দেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে কে পারবে? পারবে ধানের শীষ।’
