ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে অভিযোগ করা হয়েছে, নাহিদ ইসলাম হলফনামায় তথ্য গোপন করেছেন। তিনি ক্যারিবিয়ান দেশ কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। দ্বৈত নাগরিকত্ব থাকায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য।
ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ আজ রোববার হাইকোর্টে এ রিট করেন।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ মঞ্জু মোল্লা বলেন, সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।
আইনজীবী আরও জানান, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে রিটটির ওপর শুনানি হতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
