1 C
New York

মুন্সীগঞ্জ-৩: বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ তিনজন হলেনমুন্সিকান্দি গ্রামের নজু সরকারের ছেলে লিজন সরকার (২০), জালাল সরকারের ছেলে মো. মনির সরকার (৬৫) ও  মো. দিদার দেওয়ানের ছেলে মোহাম্মদ ফাহিম দেওয়ান (২০)।

ওসি মমিনুল ইসলাম বলেন, মহেষপুর থেকে মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণার জন্য মুন্সিকান্দি গ্রামে আসেন। সে সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর ডেইলি স্টারকে বলেন, ওই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

স্থানীয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিক ও বিএনপি প্রার্থীর সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম বলেন, দুইজনের শরীরের ছররা গুলির ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই আসনটিতে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। অন্যদিকে বিএনপির প্রার্থী দলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। 

এ বিষয়ে জানতে মহিউদ্দিনের মোবাইলফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তার নির্বাচনী প্রচারণা কমিটির কর্মকর্তা মাহবুবুর রহমান খান বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকরা আমাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

বিএনপির প্রার্থী কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, এখনো ওই এলাকায় আমি প্রচারণায় যেতেই পারিনি।

সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি।

Related Articles

Latest Articles