0.7 C
New York

সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল বার্সেলোনা

ইউরোপীয় ফুটবলের বহুল আলোচিত ও বিতর্কিত প্রকল্প ইউরোপিয়ান সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এফসি বার্সেলোনা। শনিবার ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। 

ইউরোপিয়ান সুপার লিগ কোম্পানি এবং এই উদ্যোগে যুক্ত থাকা অন্যান্য ক্লাবগুলোর কাছে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে জানিয়ে ক্লাবের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, “এফসি বার্সেলোনা জানাচ্ছে যে, আজ তারা আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান সুপার লিগ কোম্পানি এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত ক্লাবগুলোর কাছে ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে নিজেদের বিচ্ছেদের নোটিশ প্রদান করেছে।”

২০২১ সালে ইউরোপীয় ফুটবলের কাঠামো সংস্কারের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই প্রকল্পটি শুরু থেকেই ব্যাপক প্রাতিষ্ঠানিক বিরোধিতা ও সামাজিক প্রতিবাদের মুখে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সুপার লিগ পরিণত হয় এক বিতর্কিত অধ্যায়ে, যা ফুটবলবিশ্বে গভীর বিভাজন তৈরি করে। এবার সেই অধ্যায়েরই পরিসমাপ্তি টানল বার্সেলোনা।

যদিও ক্লাবটি তাদের সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবে স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটি চূড়ান্ত।

এই পদক্ষেপের মাধ্যমে সভাপতি হুয়ান লাপোর্তার নেতৃত্বাধীন বার্সেলোনা এখন স্পষ্টভাবে নিজেদের অবস্থান নিশ্চিত করল উয়েফা-নিয়ন্ত্রিত ইউরোপীয় প্রতিযোগিতা কাঠামোর পক্ষে। একই সঙ্গে গত কয়েক বছরে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে বিতর্ক তৈরি করা একটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটাল কাতালান ক্লাবটি।
 

Related Articles

Latest Articles