0.7 C
New York

ফাইনালে ভেঙে পড়ল বাংলাদেশ, শিরোপা ভারতের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তারের স্বপ্নটা আর বাড়ানো হলো না বাংলাদেশের। ফেভারিট হিসেবেই ফাইনালে নামা মেয়েরা পোখারা রঙ্গশালায় শনিবার ভারতের বিপক্ষে পড়ল নির্মম বাস্তবতার মুখে। নিয়ন্ত্রিত, পরিপক্ব ও ক্লিনিক্যাল পারফরম্যান্সে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় ভারত, আর হতাশার রাতে ডুবতে হয় বাংলাদেশকে।

ফাইনালের আগে সব পরিসংখ্যানই ছিল বাংলাদেশের পক্ষে। পাঁচবারের চ্যাম্পিয়নরা গ্রুপপর্বেই ভারতকে ২-০ গোলে হারিয়েছিল। টুর্নামেন্টে তখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয়, ১৮ গোল, একটিও হজম না করার নিখুঁত রেকর্ড, সব মিলিয়ে শিরোপার পথে এগিয়ে থাকা দলই ছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালের গল্পটা একেবারেই ভিন্ন। ম্যাচের শুরু থেকেই সব বিভাগে বাংলাদেশকে ছাপিয়ে যায় ভারত।

প্রথমার্ধের মাঝামাঝি থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৪২ মিনিটে প্রীতিকা বর্মনের বুদ্ধিদীপ্ত থ্রু-পাসে বক্সের ভেতর ঢুকে পড়েন জুলান নংমাইথেম। বাঁ দিক থেকে আসা নিখুঁত ক্রস কাজে লাগিয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করে ভারতকে এগিয়ে দেন তিনি, বিরতির আগেই স্বস্তির লিড পায় ভারত।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে আরও চাপে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে রক্ষণভাগের ভুলে পেনাল্টি হজম করে দলটি। বক্সের ভেতরে আলভা দেবীকে ফেলে দেন প্রতিমা মুন্ডা, বল তখন বিপজ্জনক জায়গা থেকেও দূরে যাচ্ছিল। সেই ভুলের পুরো মূল্য দিতে হয় দলকে, এলিজাবেথ লাকরা স্পট-কিক থেকে নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন।

মাত্র সাত মিনিট পরই আসে ম্যাচের কার্যত শেষ করে দেওয়া তৃতীয় গোল। প্রতিপক্ষের চাপে ক্লিয়ার করতে ব্যর্থ হন গোলরক্ষক ইয়ারজান বেগম। সেই সুযোগ কাজে লাগিয়ে লুজ বল থেকে সহজ ফিনিশ করেন পার্ল ফার্নান্দেজ।

এরপর সংগঠিত ভারতীয় রক্ষণ ভাঙার মতো কোনো স্পষ্ট সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। আক্রমণে ছিল পরিকল্পনার অভাব, গতি ও ধার কমতি। ৮৩ মিনিটে আনভিতা রাঘুরামনের গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-০, ফাইনালের শেষ পেরেকটাও ঠুকে দেয় ভারত।
 

Related Articles

Latest Articles