3.5 C
New York

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

আজ শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ফরহাদ সরকার বলেন, দিনাজপুর জেলা কারাগারে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন, অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর পাই।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, সকালে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।   সেসময় কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল সকাল ৯টা ২৯ মিনিটে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে গত ১৬ আগস্ট মধ্যরাতে নিজ গ্রামের বাড়ি রুহিয়া রামনাথ থেকে রমেশ চন্দ্র সেন গ্রেপ্তার হন। পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা ছিল।

Related Articles

Latest Articles