2.5 C
New York

ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন, কপাল খুলল সিরাজের

শেষমেশ সত্যি হলো শঙ্কা। চোটের কারণে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেসার হার্শিত রানা। তার জায়গায় ভারত দলে সুযোগ পেলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।

বিশ্বকাপের মূল স্কোয়াডে কোনো বদলি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেতের প্রয়োজন হয়। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ৩১ বছর বয়সী সিরাজকে দলে নেওয়ার জন্য সেই প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে।

গত বুধবার নবি মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালে হাঁটুতে চোট পান হার্শিত। সেই আঘাত তার বিশ্বকাপই শেষ করে দিল। ফলে একদম অন্তিম সময়ে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো ভারত।

সিরাজ জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৪৫ টেস্ট, ৫০ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি খেলেছেন। তবে গত দেড় বছরে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাকে। এই সংস্করণে সবশেষ ম্যাচটি তিনি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে।

বিশ্বকাপের সহ-আয়োজক ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গীরা হলো পাকিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে তারা।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং।

Related Articles

Latest Articles