ক্রিকেট বলের আঘাতে মুখে গুরুতর চোট পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, তার ডান চোখ মারাত্মকভাবে ফুলে কালো হয়ে আছে। এছাড়া গাল ও ঠোঁটে ক্ষতের পাশাপাশি নাকে ব্যান্ডেজ লাগানো।
ছবির ক্যাপশনে একটি হাসির ইমোজি দিয়ে স্টোকস মজা করে লিখেছেন, ‘ক্রিকেট বলটার কী অবস্থা হয়েছে সেটা আপনার দেখা উচিত।’
গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছেন স্টোকস। সফরের শেষ টেস্টে সিডনিতে কুঁচকির চোটে পড়েছিলেন তিনি। ওই চোটের কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। পুরো সিরিজে বল হাতে ছন্দে থাকলেও ব্যাট হাতে চরম ভুগেছেন এই অধিনায়ক।
অ্যাশেজে ভরাডুবির পর স্টোকসের অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হলেও তিনি লাল বলের ক্রিকেটে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর্যালোচনার মুখে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে কোচ ব্রেন্ডন ম্যাককালাম হারের পরবর্তী সমালোচনার কিছু অংশকে ‘অসংগত’ বলে মন্তব্য করেছেন।
সাদা বলের ক্রিকেটে এখন আর নিয়মিত নন স্টোকস। ফলে চলতি সপ্তাহে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দেখা যাবে না।
আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু হবে। ওই দিনই স্টোকসের ৩৫তম জন্মদিন। সুস্থ হয়ে উঠলে তার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর দিকের ম্যাচগুলোতে ডারহামের হয়ে মাঠে নামতে পারেন তিনি।
চোট যেন স্টোকসের পিছুই ছাড়ছে না। ২০২৪ সালে তিনি দুইবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। এছাড়া ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফিরলেও কাঁধের সমস্যার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে গত সিরিজেও মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
২০২৭ সাল পর্যন্ত ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে আগামী মাসের ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন।
