চোরাই পথে ভোট চুরির সব চেষ্টা প্রতিহত করতে কর্মী-সমর্থকদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, এখন থেকে পাহারাদারি শুরু করেন। চোরাই পথে কোনো ভোট চোর যাতে ঢুকতে না পারে। কালো টাকা দিয়ে মানুষের ঈমান যাতে খরিদ করতে না পারে, যাতে বিভ্রান্ত করতে না পারে।
শফিকুর রহমান আরও বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না। এ ধরনের সব পথ বন্ধ করে দেওয়া হবে। তবে সুষ্ঠ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তাকে জামায়াত অভিনন্দন জানাতে প্রস্তুত বলে জানান।
জনসভায় তিনি প্রশাসনের প্রতি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, কোনো দুর্বৃত্ত এখন আর কারও ভোটে হাত দিতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলব, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করবেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এটি একটি বৈষম্যমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত রচনা করে দেবে। নির্বাচিত হলে কাউকে দুর্নীতির পথে যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কোনো মামলা-বাণিজ্য বাংলাদেশে হবে না। বিদেশের সবগুলো বন্ধু রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব। কিন্তু কাউকেই প্রভু মানব না।
নারীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, মা-বোনেরা ঘরে, চলাচলে, কর্মস্থলে নিরাপত্তা পাবেন। আমরা সবকিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
জনসভায় শফিকুর রহমান কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের নির্বাচনী প্রতীকও তুলে দেন।
