-4.6 C
New York

সাভারে ২ পোশাক কারখানা ভাঙচুরের অভিযোগে ২৩ শ্রমিক গ্রেপ্তার

ঢাকার সাভারে আজিম গ্রুপের দুটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের মামলায় ২৩ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে কারখানার আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি শ্রমিকদের নেতৃত্বে দুই কারখানায় হামলা-ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগে বুধবার দিবাগত রাতে মামলা করে কারখানা কর্তৃপক্ষ। এতে ৮৭ জন শ্রমিকের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এসআই আবুল কালাম বলেন, গ্রেপ্তার ২৩ জন আজিম গ্রুপের শ্রমিক। তাদের মধ্যে ৭ জন নারী রয়েছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তবে তাদের রিমান্ড আবেদন করা হয়নি। 

মামলার এজাহারে বলা হয়েছে, সাভারের দিলকুশাবাগ এলাকায় আজিম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস ও গ্লোবাল আউটারওয়্যার কারখানায় চার হাজার শ্রমিক কাজ করেন। গত ২৪ জানুয়ারি সকালে আসামিরা বেতনের দাবিতে অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করেন। সে সময় তারা প্রথম তলা থেকে ১১ তলা পর্যন্ত সিসিটিভি ক্যামেরা ও মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এতে আনুমানিক ২ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তারা নগদ ১৫ লাখ টাকা এবং কর্মকর্তাদের ভয় দেখিয়ে প্রায় ৯০ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে নিয়ে যায়। 

এদিকে শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও ২৩ শ্রমিককে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। 

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন ডেইলি স্টারকে বলেন, কারখানা দুটিতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত দেওয়া হতো না। এ জন্য শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে বেতনের দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবি না মেনে শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার করানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

Related Articles

Latest Articles