গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে।
গতকাল বুধবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস সড়কে অবস্থিত বাসভবনের গেটে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে তৎসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানিয়েছেন, গেটের ভেতরে একজন নিরাপত্তা প্রহরীর কাছাকাছি ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এটি প্রাথমিকভাবে হাতে তৈরি বলে মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, এই ঘটনার দুদিন আগে ২৬ জানুয়ারি একই সময়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
