চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি রোববার দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শুনানির এই দিন পুনর্নির্ধারণ করেন।
আদালত জানান, বিষয়টি নিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন হতে পারে। আবেদনকারীর আইনজীবী মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে আবেদনকারী সংগঠন ‘বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম’-এর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, এহসান এ সিদ্দিক এবং আইনজীবী আনোয়ার হোসেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আবেদনে সংগঠনটি এনসিটির কাজ ডিপি ওয়ার্ল্ডকে প্রদানের পুরো প্রক্রিয়ায় আপাতত ‘স্থিতাবস্থা’ বজায় রাখার দাবি জানিয়েছে।
আবেদনের বরাত দিয়ে ব্যারিস্টার আনোয়ার বলেন, জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এনসিটি সংক্রান্ত এই চুক্তি কার্যকর করার উদ্যোগ সরকারের ক্ষমতার অপব্যবহার, খামখেয়ালিপনা ও অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, আদালত যদি এই চুক্তির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ না দেন, তবে আবেদনকারীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন এবং এতে সাধারণ জনগণের অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক এই ইজারা প্রক্রিয়া স্থগিত চেয়ে করা একটি আবেদনে ‘নো অর্ডার’ (কোনো আদেশ দেননি) প্রদান করেছিলেন। ফলে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।
