3 C
New York

বরগুনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলায় দুর্বৃত্তের হামলায় কাঁঠালতলী ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান মাঝি (৫০) গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসার পাশে ব্রিজে তার ওপর হামলা হয়।

কাঁঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান মাহফুজুর রহমান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান দোলন জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার দুই পা ও একটি হাত ভাঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মাহফুজুর রহমান জানান, ছয় থেকে সাতজন লাঠি ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন। সে সময় তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন।

এই জামায়াত নেতার অভিযোগ, স্থানীয় বিএনপির কর্মী টিপু, হাসান, মাহমুদ ও ইমাম হামলায় সরাসরি অংশ নেন।

একই অভিযোগ তুলেছেন পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘হামলাকারীরা বিএনপির কর্মী। জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় আগের রাতেই কয়েকজন মাহফুজুর রহমানের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল।’

জাহাঙ্গীর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ‘ভোটগ্রহণের আর মাত্র একদিন বাকি। এই সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’

‘বিএনপির কেউ এ হামলায় জড়িত নয়,’ বলেন তিনি।

যোগাযোগ করা হলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ‘আহত ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Latest Articles