-0.1 C
New York

পিএসএল ১১: সরাসরি চুক্তিতে লাহোরে মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই সাইনিংয়ের ঘোষণা দিয়েছে, যা দলটির সমর্থকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি করেছে।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার আবারও কালান্দার্সের জার্সিতে ফিরছেন তিনি। এই চুক্তির আর্থিক মূল্য নির্ধারিত হয়েছে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ২.৮১ কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে মোস্তাফিজকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় বিতর্কের জন্ম হয়। গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশনায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে বাদ দেয়। এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় একের পর এক ঘটনা, যার প্রভাব পড়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, যেখানে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দেওয়া হয় মূল ইভেন্ট থেকে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করে পাকিস্তান।

মোস্তাফিজকে ফের দলে ভেড়ানো প্রসঙ্গে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা আবেগঘন মন্তব্য করে বলেন, “ওয়ান্স অ্যা কালান্দার, অলঅয়েজ অ্যা কালান্দার। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নয়, সে আমাদের পরিবারের একজন ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ সদস্য, যে কখনোই আমাদের ছেড়ে যায়নি। তাকে আবার ড্রেসিংরুমে স্বাগত জানাতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। তার প্রতিভা, অভিজ্ঞতা ও নিষ্ঠা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আমাদের জন্য অমূল্য হয়ে উঠবে।”

এর আগেই দলটি নিজেদের মূল কাঠামো শক্তিশালী করতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ প্রতিভা মোহাম্মদ নাইমকে রিটেইন করেছে। নিলামের আগেই শক্তিশালী কোর স্কোয়াড গড়ে তোলার কৌশলেই এগোচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

Related Articles

Latest Articles