7.2 C
New York

অপরাজিত বাংলাদেশ: সাত ম্যাচে সাত জয়

যেন শুরু থেকেই ঠিক করা ছিল, এই যাত্রার শেষটা হবে নিখুঁত, নির্ভুল আর দাপুটে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬-এ ঠিক তেমনই এক রাজকীয় সমাপ্তি টানল বাংলাদেশের নারী ক্রিকেট দল। শেষ সুপার সিক্স ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টানা সাত ম্যাচে সাত জয়ের অপরাজিত রেকর্ড গড়ে কাঠমন্ডু থেকে ফিরছে টাইগ্রেসরা।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে শুধু যোগ্যতা অর্জনেই থেমে থাকেনি বাংলাদেশ, গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সেও টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে তারা।

রোববার মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমেই ম্যাচের রাশ ধরে নেয় বাংলাদেশ। অফস্পিনার নাহিদা আক্তারের বিধ্বংসী স্পেল (৪ ওভারে ৩/১০) নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ভেঙে দেয়। মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ডাচরা, আট ওভারের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদা।

এরপর সানিয়া খুরানা ও রবিনে রেইকের দৃঢ় জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে নেদারল্যান্ডস। দু’জনে মিলে ৭৮ রানের জুটি গড়ে ইনিংসকে টেনে নেন শেষ ওভারের আগ পর্যন্ত। সানিয়া ৩৭ বলে অপরাজিত ৪৩ রান করেন, আর রবিনে ৪৫ বলে করেন ৩৯ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১০২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার হারালেও কোনো চাপে পড়েনি বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে সহজ হয়ে যায় লক্ষ্য তাড়া। নিগার ৪৪ বলে অপরাজিত ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, আর সোবহানা ২৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝরঝরে ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। আজ অনুষ্ঠিতব্য স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচের ফলেই নির্ধারিত হবে চতুর্থ ও শেষ যোগ্যতা অর্জনকারী দল।

 

Related Articles

Latest Articles