1.2 C
New York

কেমিক্যাল ড্রাম কাটার সময় বিস্ফোরণে পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি ওয়ার্কশপে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে এক পথচারী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওয়ার্কশপ মালিক।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে লালপুর বাজারে লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রায়হান (১২) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারে অন্য একটি ওয়ার্কশপে কাজ করতো।

স্থানীয়রা জানান, লোকনাথ দাস (২৪) তার ওয়ার্কশপে একটি খালি কেমিক্যাল ড্রাম মেশিন দিয়ে কাটছিলেন। সে সময় ড্রামটি বিস্ফোরিত হয়। ড্রামের ধাতব অংশ ছিটকে গিয়ে ওই ওয়ার্কশপের পাশ দিয়ে হেঁটে যাওয়া রায়হানের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত লোকনাথ দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

খালি হলেও কেমিক্যাল ড্রামের মুখ দীর্ঘদিন বন্ধ থাকলে এর ভেতরে দাহ্য গ্যাস জমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মো. সফিউল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Latest Articles