বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।
এই অনুষ্ঠানে থাকবে একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডা। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর এবং প্রযোজনায় আছেন ইয়াসির আরাফাত।
‘অভিনন্দন’-এর প্রথম পর্বে থাকছেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত। তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।
সংগীত পর্বে থাকছে কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মণ্ডল, শাহনাজ বেলী ও ডলি মণ্ডল।
এ ছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি নাটিকা।
বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
