-4.6 C
New York

১১ দল ক্ষমতায় গেলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে: শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারির ভোটে নির্বাচিত হয়ে ১১ দল ক্ষমতায় যেতে পারলে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, বাকি ১০ ভাগকে প্রথমে চাঁদাবাজি না করার আহ্বান জানানো হবে। এরপরও না বুঝতে চাইলে যা করা দরকার তা-ই করা হবে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান—সেটি দেখা হবে না। এ ক্ষেত্রে নির্দয়, নিষ্ঠুর, কঠোর আচরণ করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

বলেন, ‘আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না—এটা কোনো কথা! তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন। আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন, তখন এ কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ।’

বক্তব্যে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য ফিরিয়ে আনার তাগিদ দেন শফিকুর রহমান।

বলেন, ‘এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ—এই সবগুলো বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের ওপরে এসে ছোঁ মারে।’

এ পর্যায়ে সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Related Articles

Latest Articles