26 C
Dhaka

রমজানে অফিস কখন শুরু, কখন শেষ

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম রোজা। পবিত্র রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি আগেই নির্ধারণ করে দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন এসব প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা মিনিট পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান  জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আদালত

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাস উপলক্ষে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের সময়সূচি নির্ধারণ করেছেন। পবিত্র রমজান মাসে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসের জন্য হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে হাইকোর্ট রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে। অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত হাইকোর্ট ও অফিসে যোহরের নামাজের বিরতি থাকবে।  শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

অধস্তন আদালত/ ট্রাইব্যুনালের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করার কথা জানানো হয়েছে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেলের সই করা বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে কোর্টের সময়সূচি- রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিসের সময়সূচি- সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।  দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ব্যাংক ও শেয়ারবাজার

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি। বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, রমজান মাসে প্রতিদিন শেয়ার বাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এ সময়ের পর পোস্ট ক্লোজিং সেশন দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া, রমজান মাসে ডিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চালু থাকবে।

Related Articles

Latest Articles