29.7 C
Dhaka

মার্চে বাংলাদেশে আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ কালে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে।

আলোচনায় উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য ধারাবাহিক রাজনৈতিক সমর্থন চান।

উভয়পক্ষ আশা প্রকাশ করে, সব ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎও করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

Related Articles

Latest Articles