32.7 C
Dhaka

একদিনেই শেষ সাধুসঙ্গ, বসছে না মেলা

দোলপূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে শুরু হয়েছে সাধুসঙ্গ। রমজানের কারণে সংক্ষিপ্ত পরিসরে এবার একদিনেই শেষ হচ্ছে সাধুদের মিলনমেলা।

আজ সোমবার দুপুরে লালন একাডেমির অডিটোরিয়ামে সাধুসঙ্গের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক ইকবাল হোসেন ও পুলিশ সুপার জসিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা বিষয়ে ফকির নহির শাহ বলেন, ‘ফাল্গুন মাসের ভরা পূর্ণিমা তিথিতে ফকির লালন সাঁইজি পাঁচ ঘরের সাধুদের নিয়ে সাধুসঙ্গ করতেন। এগুলো হলো—খোদ সাঁইজি লালনের ঘর, পাঞ্জুশাহের ঘর, সতীমার ঘর, চৌধুরীর ঘর ও দেলবার শাহের ঘর।’

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী বিকেল ৪টা থেকে শুরু হয়ে পরদিন বিকেল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ হওয়ার কথা। প্রথমে অধিবাস, রাতে একটা সেবা। পরদিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ হবে।’

দোলপূর্ণিমার এই আয়োজনে প্রতি বছর দেশ-বিদেশ থেকে ভক্ত-অনুরাগীরা ভিড় জমান আখড়াবাড়ির মাজার প্রাঙ্গণে।

Related Articles

Latest Articles