28 C
Dhaka

এক সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেব: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান অভিযানে আরও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। 

হেগসেথ বলেন, ‘আজই আরও যুদ্ধ ও বোমারু বিমান যোগ দিচ্ছে। এক সপ্তাহের মধ্যেই দুই দেশের বাহিনী ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।’

তার মতে, আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার পর সারাদিন ইরানের ওপর হামলা চালানো সম্ভব হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত জুনে ১২ দিনের যুদ্ধের তুলনায় এবারের অভিযান প্রায় সাত গুণ বেশি তীব্র হবে।’

২০০৩ সালে ইরাক যুদ্ধের শুরুতে পরিচালিত মার্কিন অভিযানের তুলনায় এটি দ্বিগুণ তীব্র হবে বলেও জানান হেগসেথ। 

‘আমাদের সফলতা নিশ্চিত করতে যত সময় প্রয়োজন, আমরা তত সময় নেব,’ যোগ করেন তিনি।

ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত গোলাবারুদ এবং উন্নত ও শক্তিশালী অস্ত্র রয়েছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। 

ড্রোন প্রতিরোধ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘যত ধরনের কাউন্টার-ড্রোন ব্যবস্থা সম্ভব আমরা তা পাঠিয়েছি।’

Related Articles

Latest Articles