ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানজুড়ে চলমান বিক্ষোভ আজ শনিবার ১৪তম দিনে গড়িয়েছে।
এতে এখন পর্যন্ত ৬৫ জন নিহত ও ২ হাজার ৩১১ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
তারা বলছে, ইরানের ৩১টি প্রদেশের ১৮০টি শহরের ৫১২টি স্থানে বিক্ষোভ তীব্র হয়েছে।
তথ্যপ্রবাহের ওপর কঠোর নিয়ন্ত্রণ সত্ত্বেও এইচআরএএনএ জানিয়েছে, গতরাতেও সমাবেশ অব্যাহত ছিল, নিরাপত্তা বাহিনীর দমন–পীড়ন আরও জোরদার হয়েছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারিক হুমকি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক চিকিৎসকের বরাত দিয়ে টাইম ডটকম বলছে, রাজধানী তেহরানের মাত্র ৬টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে—যাদের বেশিরভাগই তাজা গুলিতে নিহত।
