-0.8 C
New York

রাশিয়ার তেল কিনলেই ৫০০% শুল্ক, ভারতের জোট থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

রুশ তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ‘৫০০ শতাংশ শুল্ক’ আরোপের বিধান রেখে একটি বিল অনুমোদন এবং ভারত-নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসব পদক্ষেপে কারণে জ্বালানি ইস্যুতে ভারত আজ বৃহস্পতিবার দ্বিমুখী চাপে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের যোগদানের আগে আগে এই সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।

গত সেপ্টেম্বরে এই কূটনীতিক বলেছিলেন, ভারতের রুশ তেল আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করাই হবে তার ‘শীর্ষ অগ্রাধিকার’।

দ্য হিন্দু বলছে, আগামী ১২ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রদূত এবং ‘দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত’ হিসেবে দায়িত্ব শুরু করবেন সার্জিও গোর। 

এদিকে প্যারিসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোসলোভ সিকোরস্কি রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমে আসায় ‘সন্তোষ’ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য ভারতসহ কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাশিয়া থেকে ভারতে তেল আমদানি কমে আসায় সন্তোষ প্রকাশ করছি, কেননা এর ফলে (রুশ প্রেসিডেন্ট) পুতিনের যুদ্ধযন্ত্রে অর্থের জোগান বন্ধ হচ্ছে।’

সেসময় সেখানে উপস্থিত জয়শঙ্কর এই মন্তব্যের কোনো বিরোধিতা করেননি।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকাল বুধবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলটিতে ‘সবুজ সংকেত’ দিয়েছেন, যা নিয়ে ‘আগামী সপ্তাহের শুরুতেই’ কংগ্রেসে ভোটাভুটি হতে পারে।
 

Related Articles

Latest Articles