ভেনিজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। পরে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ বার্তা পাওয়া যায়নি।
১৯৮৯ সালে পানামায় সামরিক নেতা ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করতে অভিযানের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে বড় সরাসরি সামরিক হস্তক্ষেপ।
যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক বাণিজ্য পরিচালনা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছে। ২০১৩ সালে হুগো চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসা মাদুরো বরাবরই বলে আসছেন, বিশ্বের বৃহত্তম তেলের খনি সমৃদ্ধ ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ নিতে চায় ওয়াশিংটন।
