ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
পরে তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়নের আবেদনপত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আম ইতিমধ্যেই শুরু করেছি।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের সই নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয়, তার চেয়ে আমরা বেশি সই সাবমিট করেছি। প্রায় দুইশর মতো বেশি ছিল। সেখান থেকে উনারা দৈবচনের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়ে আটজনের তথ্য সঠিক পেয়েছেন। দুইজন ঢাকা-৯ এর ভোটার ছিলেন না। তারা জানতেন না, তারা ঢাকা ৯ এর ভোটার নন। তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা ঢাকা ৯ এর ভোটার নন।
তিনি আরও বলেন, তারা জানতেন, তারা ঢাকা-৯ আসনের ভোটার। নির্বাচন কমিশন কোনো উপায় রাখেনি, ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার।
