-3.3 C
New York

বিপিএলের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ বিজয়-সৈকতসহ ৭ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন সাতজন ক্রিকেটার। ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন খেলোয়াড়দের নাম বাদ দেওয়ার আলোচনার মধ্যে এটি ঘটল।

বিপিএলের নিলামের জন্য শুরুতে ১৬৬ জন স্থানীয় খেলোয়াড়ের তালিকা দেওয়া হয়েছিলো। দ্য ডেইলি স্টারের হাতে আসা পরিবর্তিত তালিকায় আগের তালিকায় থাকা ৭ জনকে পাওয়া যায়নি। এছাড়াও নিজে থেকে নাম সরিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ। 

নিলামের তালিকায় ‘সি’ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই তারকা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই দুজনই বিপিএলে নিয়মিত মুখ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন তারা। দেশের ঘরোয়া ক্রিকেটে প্রায় সব আসরেই নিয়মিত খেলে থাকেন দুজন। ক্যাটাগরি ‘ডি’ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ‘ই’ ক্যাটাগরির নিহাদুজ্জামান ও সানজামুল ইসলামও নেই। নেই ‘এফ’ ক্যাটাগরিতে থেকে পেসার শফিউল ইসলাম সোহান ও ব্যাটার মিজানুর রহমান। 

‘ফিক্সিংয়ের অভিযোগের ভিত্তিতে এই ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের পরামর্শদাতা অ্যালেক্স মার্শাল তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করার পর এই সুপারিশ করেছেন,’ নাম প্রকাশ না করার শর্তে একজন বিসিবি কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে শনিবার বলেছেন।

‘খেলোয়াড় ছাড়াও অভিযুক্ত আরও অনেকে আছে, যেমন দলের কর্মকর্তা। তাদের মধ্যে কেউ যদি এই বছর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে বর্তমানে কাজ করে থাকে, তাহলে আমরা তাদের জন্য অ্যাক্রেডিটেশন (স্বীকৃতিপত্র) ইস্যু করব না,’ তিনি যোগ করেছেন।

(বিস্তারিত আসছে)

Related Articles

Latest Articles