2.9 C
New York

পঞ্চগড়ে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি কর্মী ফজলার রহমান ডেইলি স্টারকে বলেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে মিছিল নিয়ে যাওয়ার সময় ধানের শীষের একটি ব্যানার ছিঁড়ে ফেলে। এর প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সেখানে গেলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ডেইলি স্টারকে বলেন, আমাদের নেতাকর্মীরা সভা শেষে বাড়িতে ফিরছিলেন। সেসময় পিকআপ ভ্যানের সঙ্গে লেগে বিএনপির প্রার্থীর ব্যানার সামান্য দুলছিল। এটাকে ইস্যু বানিয়ে তারা হামলা করে আমাদের একজন নারীসহ মোট আটজনকে আহত করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে একই আসনের বিএনপি প্রার্থী নওশাদ জমিরের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ওসি মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে ইউএনওসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।

 

 

 

Related Articles

Latest Articles