ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি দল বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে। এ কথা শুনলে নাউজুবিল্লাহ বলতে হয়।’
আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াত সবচেয়ে মিথ্যাবাদী দল। এই একটা দলকে ভোট দিলে আমরা আমাদের ঈমান নষ্ট করে ফেলবো।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত ও কলকারখানা তৈরি করা হবে, যাতে করে সবাই কাজের সুযোগ পায়।’
মির্জা ফখরুল বলেন, ‘বিভ্রান্ত না হয়ে একাত্তরের স্বাধীনতাকে লালন করার জন্য, চব্বিশের জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য আসুন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি ও দেশের উন্নয়ন করি।’
‘তাই সবাইকে, বিশেষ করে মা-বোনদেরকে বলবো বিভ্রান্ত না হয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের দেশের উন্নয়নের সুযোগ দিন,’ বলেন তিনি।
স্থানীয়ভাবে উত্থাপিত এলাকার বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘আমি যদি নির্বাচিত হই এবং আমাদের দল যদি সরকার গঠন করতে পারে তাহলে সবার আগে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করব। সনাতনী ভাই-বোনদের জীবন বদলে দেওয়ার চেষ্টা করব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো—কৃষি ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। তাই কৃষকরা যেন কৃষিকাজ ঠিকমতো করতে পারে, সার, বীজ, পানি ঠিক সময়মতো পায় সে ব্যবস্থা করব।’
‘সেই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প তৈরি, ইপিজেড নির্মাণের চেষ্টা এবং এক বছরের মধ্যে বিমানবন্দর চালু করার চেষ্টা করব,’ যোগ করেন তিনি।
