ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগের প্রশাসক মোহাম্মদ এজাজের এক বছরের চুক্তির মেয়াদ নবায়ন না হওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া।
আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে এক বছরের জন্য পূর্ণকালীন ভিত্তিতে মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মোহাম্মদ এজাজকে কোনোভাবেই ডিএনসিসির প্রশাসকের পদ থেকে অপসারণ করা হয়নি। বরং তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। মেয়াদ শেষে আগামী ১১ ফেব্রুয়ারি সুরাইয়া আখতার দায়িত্ব গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।
এদিকে, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ সম্প্রতি বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের নভেম্বরে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে দুদক গত ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সদর দপ্তরে হাজিরের নির্দেশ দিলেও তিনি উপস্থিত হননি।
এরপর গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন।
